আইইবি ক্যাম্পাসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাংসদ আবদুস সবুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর নিজ কর্মস্থলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আইইবি'র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। বুধবার রাজধানীর রমনায় অবস্থিত দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ক্যাম্পাসে আসার পর কেন্দ্রীয় ও আঞ্চলিক পরিষদ থেকে নৌকা প্রতীকে বিজয়ী সাংসদ সবুরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় প্রকৌশলী সমাজ।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক মন্জুরুল হক মন্জু, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের বিভিন্ন স্তরের নেতা কর্মী, এলজিইডি, নারায়ণগঞ্জ এর নেতারা একে একে ফুলে তোড়া হাতে তুলে দেন।
বিভিন্ন স্তরের প্রকৌশলীদের হাতের ফুলের তোড়া, মালা ও ব্যানারে আইইবি হয়ে ওঠে ফুলের মেলা। এসময় প্রকৌশলীদের ভালোবাসায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বুয়েট ছাত্র সংসদের সাবেক জিএস। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক হ্যাট্রিক সম্পাদক আব্দুস সবুর বলেন, স্মার্ট সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রকৌশলীরা সামনের কাতারে থাকবে। আমি প্রকৌশলীদের সবাইকে এভাবে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে আমার পাশে থাকার অনুরোধ করবো। আমিও আপনাদের পাশে থাকবে।







